২৬ মার্চ, ২০২৬
রংপুর নগরীতে যানজট কমাতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। অভিযানে সিটি বাজারের সামনে বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ ও কিছু পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, সিটি করপোরেশনের প্রশাসক ঈদের আগে ফুটপাত ও রাস্তায় দোকান বসিয়ে যেসব ব্যবসায়ী অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের উচ্ছেদের লক্ষ্যে সতর্ক করেছিলেন। কিন্তু ব্যবসায়ীরা সে সতর্কতা আমলে না নেওয়ায় মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, নগরবাসীর চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অভিযানের পর কোনো ব্যবসায়ী আবারও ফুটপাত ও রাস্তা দখল করে ব্যাবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।