৩০ মার্চ, ২০২৬
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এর আগে গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের দেওয়া তথ্যের ভিত্তিতে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়েছে।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন।
এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকারের সময় খালেদা জিয়া, শেখ হাসিনাসহ দেশের অনেক রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সেই সময় গ্রেফতার করা হয় এবং বন্দি অবস্থায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
বন্দি অবস্থায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপরও সেই সময় নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।