৩১ মার্চ, ২০২৬
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পানি শুধু জীবনের উৎস নয়, এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভগে ফেলে দেয়, অন্যদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল।
পানি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থা প্রধানদের অনুরোধ জানান মন্ত্রী।
এ্যানি চৌধুরী বলেন, বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ শত কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
সঠিক তথ্য-উপাত্তের আলোকে জনস্বার্থ বিবেচনায় খাল খননের জন্য বাছাই করার আহ্বান জানান মন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে জড়িত। উত্তরাঞ্চলকে মরুভূমি এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ, কে এম শাহাবুদ্দিন। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। আলোচক হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। এছাড়া, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।