০১ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
প্রশাসন সূত্র জানায়, অভিযানে গোদনাইল এলাকার একটি স্থানে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।