যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

০১ এপ্রিল, ২০২৬

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আল আমিন ওরফে ছোট আল আমিনকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

মঙ্গলবার বিকালে শ্রীনগর থানাধীন ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়।

আল আমিন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আলমপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে মতিঝিল থানায় আরও সাতটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।