০২ এপ্রিল, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ ব্যারেল পেট্রল ও ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রল জব্দ করা হয়।
তেল মজুতদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।