টাঙ্গাইলে ২৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড

০৩ এপ্রিল, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পহেলা বৈশাখে টাঙ্গাইলে ২৭ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জেলার আরও ৯টি উপজেলাতেও এ কার্ড বিতরণ করা হবে।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টাঙ্গাইল স্টেডিয়ামে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দিনটি টাঙ্গাইলবাসীর জন্য একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মাঠ পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সভায় এসএসএফ প্রতিনিধি, কৃষি সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।