০৩ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দা ও মুন্সিপাড়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য, মাদক ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব মালামালের কোনো মালিক বা ট্রাকচালককে আটক করা যায়নি।
শুক্রবার ভোরে কলমাকান্দার বরুয়াকোনা ও ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্তে এসব অভিযান চালায় বিজিবি। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শুক্রবার ভোররাতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের রাজবাড়ী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পণ্য বোঝাই একটি ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস প্রসাধনী পাউডার জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা।
অন্যদিকে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল মদ জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাচালানি পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।