সরকারি বীজ খোলাবাজারে বিক্রি, কৃষি কর্মকর্তা ও দোকানিকে জরিমানা

০৫ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা পাটবীজ খোলাবাজারে বিক্রির সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দোকানিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 

গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের দোকানি মো. গোলাই। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ২৩০ প্যাকেট সরকারি তোষা পাটবীজ রিকশাভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আব্দুস সালাম ও গোলাইকে সন্দেহবশত আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করলে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করা হয়। 

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে আব্দুস সালামকে ৫০ হাজার ও গোলাইকে ৪০ হাজার টাকা জরিমানা করে। তারা তাৎক্ষণিক জরিমানার অর্থ প্রদান করায় ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, চলতি বছরে এখনো সরকারি পাটবীজ উপজেলায় আসেনি। প্রাথমিক তথ্যানুযায়ী, কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বিগত বছরের এসব বীজ বিক্রি করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম মনজুরে মাওলা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১০ম গ্রেডের হওয়ায় বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিষয়টি পিএসসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।