ফেনীতে মেডিকেল কলেজ প্রস্তাব প্রত্যাহার, প্রতিবাদে মানববন্ধন

০৫ এপ্রিল, ২০২৬

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম। শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী ও লেখকসহ বিভিন্ন সচেতন নাগরিক অংশগ্রহণ করে।

সংগঠনের উপদেষ্টা ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভুইয়ার সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফেনী জর্জ কোর্টের এপিপি মেজবাহ উদ্দিন মোরদেশ, শিক্ষাবিদ শাহাদাত হোসেন বাদল, পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরীফুল ইসলাম অপু, ওসমান গনি রাসেল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, আমরা গর্বিত আমরা ফেনীর সন্তানের পক্ষ থেকে আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, এবি পাটির নারী নেত্রী জাহানারা আক্তার মনি ও আলোকিত বাংলার সম্পাদক এএম মোরশেদ শিবলী।

এদিকে দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকায় বসবাসকারী ফেনীর বিশিষ্টজনদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদ জানান এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন। 

পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাংবাদিক কেফায়েত শাকিলের সঞ্চালনায় মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিষদের মুখপাত্র ওমর ফারুক।