০৫ এপ্রিল, ২০২৬
সরকারি কর্মকমিশনের (পিএসসি) আলোচিত প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা ও পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫ এপ্রিল) সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের আদেশে অবরুদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আবেদ আলীর নিজের নামে একটি, আবু সোলাইমান মো. সোহেলের নামে দুটি, জাহাঙ্গীর আলমের নামে একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির আবেদন থেকে জানা যায়, মামলার আসামিরা একটি প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য। সৈয়দ আবেদ আলী এই চক্রের মূল হোতা। এই চক্রটি ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, প্রশ্নফাঁসের টাকা দিয়ে তারা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এই অবৈধ সম্পদ রক্ষা ও তদন্তের স্বার্থে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ (১) ধারা অনুযায়ী তাদের পাঁচটি বিও অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি।