পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

০৬ এপ্রিল, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাটিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মিজান সীমান্তের পাশে ধানক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট গুলি ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।  

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘সীমান্তে বিএসএফের গুলিতে মিজান নামে একজন কৃষক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।’