০৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় খোলার হুমকির জবাবে ইরান ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ পোস্টে জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথের ‘চাবি হারিয়ে গেছে’। একই ধরনের কৌতুকপূর্ণ পোস্ট দিয়েছে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও, যেখানে বলা হয়েছে, ‘চাবিটা ফুলের টবের নিচে, শুধু বন্ধুদের জন্য খোলা’।
এর মাধ্যমে তেহরান ট্রাম্পকে বিদ্রূপ করছে, যিনি হুমকি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় না খোলায় ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ট্রাম্প সতর্ক করেছেন, প্রণালী পুনরায় চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্যবস্তু হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের যৌথ হামলা দিয়ে শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইস্রায়েল, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে।
ইরান সতর্ক করে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তারা পাল্টা ‘ধ্বংসাত্মক’ জবাব দেবে। তেহরান একই সঙ্গে জ্বালানি স্থাপনা, শহর এবং আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলার আওতায় রাখছে।
সংঘাতে ইতোমধ্যেই হাজারো মানুষ নিহত হয়েছে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।