০৭ এপ্রিল, ২০২৬
ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
‘জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত জেলে উপস্থিত ছিলেন।