জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

০৮ এপ্রিল, ২০২৬

জামালপুরে আলোচিত আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন এবং মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে মো. রশিদ জামাল। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. দিদারুল ইসলাম দিদার জানান, ২০০৭ সালের ২২ মে রাত ৭টার দিকে মোতালেব হোসেন, রশিদ জামাল, আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদসহ আরও ৩-৪ জন দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর এলাকায় আক্তার হোসেন আবেদীনের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় আবেদীন বাড়িতে না থাকায় তার স্ত্রীকে বলে যান, তিনি বাড়ি ফিরলে যেন তাদের সঙ্গে দেখা করেন।

পরে রাত ৮টার দিকে আবেদীন বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন। রাতের খাবার শেষে তিনি তাদের সঙ্গে দেখা করতে বের হন এবং সবুজপুর দাখিল মাদ্রাসার মাঠের পাশে তাদের সঙ্গে তার দেখা হয়। এ সময় মোতালেব হোসেনের নির্দেশে অন্যরা ধারালো চাকু দিয়ে তার পেটের বাম পাশে আঘাত করে, যা পিঠ পর্যন্ত বিদ্ধ হয়।

আবেদীনের চিৎকার শুনে তার স্ত্রী ছালেহা বেগম ও মেয়ে কনিকা বেগমসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

এ সময় খোরশেদ আলম নামের একজন আসামিকে খালাস দেওয়া হয়।