ছাত্রলীগের পরিপূর্ণ বিচার করা হলে শিবির নেতৃত্ব শূন্য হয়ে যাবে : আমান

০৮ এপ্রিল, ২০২৬

ছাত্রলীগের পরিপূর্ণ বিচার করা হলে শিবির নেতৃত্ব শূন্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘আমরা জানি ৫ আগস্টের আগে এই শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের সাথে ছিল। অনেকে ছাত্রলীগ করেছে, পদে ছিল। একসাথে থাকার কারণে আচরণগত সমস্যা রয়ে গিয়েছে। যদি পাঁচ তারিখের আগে ছাত্রলীগের পরিপূর্ণ বিচার করা হয় এবং ছাত্রলীগের সবাই জেলে থাকে তাহলে শিবির আজকে নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তাদের অনেক নেতাকর্মীর জেলে থাকার কথা, কারণ পাঁচ তারিখের আগে তারা অপরাধী ছিল।’

মিরপুর কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন।

আমান আরও বলেন, পাঁচ তারিখের পরে আপনাদের আজকের শিবির রূপে আবির্ভূত হতে দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগের যে চরিত্র, সেই বেহায়া চরিত্রের প্রতিফলন আপনাদের মধ্যে। ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো মব সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দিবো না।