০৯ এপ্রিল, ২০২৬
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় তিন শিশু সন্তানকে চন্ডিপুর ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ হওয়া মা মুক্তা বেগমকে (২৭) খুঁজে পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিশুদের তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি মুক্তার কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মুক্তা বেগমের স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন।
এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ-খবর নেননি। ফলে তিন সন্তানকে নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।
বুধবার সকালে তিনি তার তিন সন্তান—আরজিনি (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে নিয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদে আসেন। এসময় পরিষদের চেয়ারম্যান তার জন্য নাস্তার ব্যবস্থা করেন।
পরে পরিষদের দোতলার বারান্দায় শিশু তিনটিকে রেখে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর শিশুদের কান্নাকাটি শুনে পরিষদের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয়।
পরে সন্ধ্যার দিকে স্থানীয়দের সহায়তায় মুক্তা বেগমকে খুঁজে পাওয়া যায়। মাকে ফিরে পেয়ে শিশুদের মুখে ফুটে আনন্দের হাসি।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, মুক্তার স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘অভাবের তাড়নায় তিন সন্তানকে রেখে মা চলে যাওয়ার বিষয়টি জানার পর আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি। পরে তাকে খুঁজে পাওয়া গেছে। শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ যে সেলাই মেশিনটি আটকে রেখেছে সেটি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ওই নারীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।