০৯ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী জেলা পুলিশের গুরুত্বপূর্ণ দুই থানার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়ে বুধবার (৮ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা)।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপারের সই করা অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে রাজবাড়ী সদর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষকে পদোন্নতি দিয়ে সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজবাড়ী সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবা আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।