০৯ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি বাড়তি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সদর উপজেলার হাটকালুগঞ্জের এবিএম স্টোর এবং ভালাইপুর বাজারের হাসান স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।