১০ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় ছড়ার (খাল) পানিতে ঝাঁপ দিয়ে খেলতে গিয়ে জাহেদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শাইরা পাড়া বিল এলাকার শীননাল ছড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একদল শিশু ছড়ার পাশে খেলছিল। এসময় জাহেদুল পানিতে ঝাঁপ দিলে কিছুক্ষণ পর অচেতন অবস্থায় ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে গর্জনিয়া বাজারের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, কিশোরটির কানের পাশে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, ছড়ার পাশে ভাঙা পাকা দেয়ালে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস।