১০ এপ্রিল, ২০২৬
রংপুর নগরীতে রাকিব হাসান (২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ ৭ জনের নামে মামলা করেছেন। এছাড়া অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় অভিযুক্ত মমিন মিয়াকে প্রধান আসামি করে মোট ছয়জনের নামে মামলা করেছিলেন। ওই মামলার জের ধরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা ৭ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।