১১ এপ্রিল, ২০২৬
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে নাসিম (৩৫)। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মাইক্রোবাস থেকে চালকসহ আহত ১০ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।