১১ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার মার্কেট এলাকায় অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন সড়ক অনুমতি ছাড়া কাটার ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।