ঝালকাঠিতে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯

১২ এপ্রিল, ২০২৬

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জন শিশু এবং কাজল আক্তার (২০) নামে এক নারী রয়েছেন।

জেলার ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলায় আক্রান্তরা চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, রাজাপুরে ৬ জন, নলছিটিতে ৫ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।

এ ছাড়া হাম-রুবেলা সন্দেহে আরও ৬৭ জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে।