১৩ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মেসার্স জনসেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ ওয়াহিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মায়ের দোয়া কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে মালিক মোঃ মহিউদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল।