তৃণমূলের উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১৩ এপ্রিল, ২০২৬

তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোগই দেশের অর্থনীতিকে স্বনির্ভরতার ভিত্তির ওপর দাঁড় করাতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে আয়োজিত ‘চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতার এ সময়ে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্যাশন ও হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে তারা নিজেদের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছেন।

মন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে এবং উৎপাদিত পণ্যের সহজ বাজারজাত নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান। উদ্বোধন করেন ফ্যাশন ব্যক্তিত্ব ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল।

বিবি রাসেল বলেন, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নারী উদ্যোক্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি দেশীয় তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও পরিব্রাজক নাজমুন নাহার। স্বাগত বক্তব্য দেন চয়নিকার কর্ণধার এস বি বিপ্লব।

তিন দিনব্যাপী এ উৎসবে নারী উদ্যোক্তারা দেশীয় পণ্য নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।