১৩ এপ্রিল, ২০২৬
পুলিশের গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অজ্ঞান হওয়ার ভান করেও শেষ পর্যন্ত রক্ষা পাননি এক মাদক বিক্রেতা। বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক সানোয়ার হোসেন (৩৫) মুন্সীগঞ্জের বাসিন্দা হলেও গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল জানান, রবিবার রাত ৯টার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে সানোয়ারকে আটক করা হয়।
আটকের পর তিনি কৌশলে প্রায় ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন এবং পরে অসুস্থ হয়ে অজ্ঞান হওয়ার ভান করেন। তবে পুলিশ তার দেহ তল্লাশি করে আরও ২৬টি ইয়াবা উদ্ধার করে।
পরে চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে থানায় নেওয়া হয়। রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং সোমবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।