নারায়ণগঞ্জে বাড়ির গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

১৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলেন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেন। এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সিসিটিভি ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।