১৩ এপ্রিল, ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে থাকা চাঁপাইনগর থেকে আধাইপুর পর্যন্ত ৭৫০ মিটার গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালটি পুনঃখননের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থ বছরের বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল, বিল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে যাবে।” তিনি আরও বলেন, “এই খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমিতে পানি জমে থাকত। এতে প্রতি বছর কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়তেন। এতে আমরা কৃষকরা অনেক উপকৃত হবো।”
চাঁপাইনগর এলাকার কৃষক মামুন বলেন, “এই খালটা যদি ঠিকমতো খনন করা হয়, তাহলে ফসল উৎপাদন ভালো হবে।” আধাইপুর এলাকার আরেক বাসিন্দা রহিম জানান, “খালটি পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭৫০ মিটার খালটি পুনঃখননের মাধ্যমে প্রায় কয়েকশ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। একই সঙ্গে এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।