১৪ এপ্রিল, ২০২৬
শোভাযাত্রা ও জলকেলি উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই উদযাপন করা হয়েছে।
খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে পানখাইয়াপাড়া বটমূলে মঙ্গলবার এ জলকেলি উৎসবকে ঘিরে পাহাড়ি-বাঙালির মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে.এম. ওবায়দুল হক। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উৎসবে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশ নেন। তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। পুরোনো বছরের গ্লানি দূর করে নতুন বছরকে বরণ করার প্রতীক হিসেবে এ জলকেলি উৎসব পালন করা হয়।
সমতল জেলার পর্যটকরাও এ উৎসবে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।