১৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং খুব দ্রুতই সমন্বিত অভিযানের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা হবে। একই সঙ্গে তিনি অনলাইন জুয়া ও জুয়ার বিস্তারকে একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে কার্যকর সমাধান খুঁজতে সরকার গবেষণা চালাচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মানব পাচার প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার অঞ্চলে এ সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে নজরদারি বাড়িয়ে সুসংগঠিত অভিযানের মাধ্যমে মানব পাচার দমনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সমাজ থেকে মাদক, জুয়া ও মানব পাচারের মতো অপরাধ নির্মূলে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।