১৪ এপ্রিল, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘সরকারের মেয়াদ এখনো দুই মাস হয়নি, কিন্তু ইতোমধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে দেশের প্রায় আড়াই কোটি কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।’
মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আজ ২২ হাজার কৃষককে কার্ড দেওয়া হচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যেও কার্ড ও চেক বিতরণ করা হয়েছে। সারা দেশে ২২ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতিও বাস্তবায়ন শুরু হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাই মিলে কাজ করছি।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না, কৃষক থেকে শুরু করে ধনাঢ্য মানুষ সবাই সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। আমরা যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননের কথা বলেছি, তখন যারা বিরোধিতা করেছে তারা বলেছিল, এসব নিতে টাকা লাগবে। কিন্তু আজ দেখুন, মধ্যস্বত্বভোগী ছাড়াই উপকারভোগীদের কাছে টাকা পৌঁছে যাচ্ছে। আমাদের সরকারের স্বচ্ছতা, দুর্নীতি দমন ও ফ্যাসিবাদমুক্ত হওয়ার প্রতিফলন দেশের মানুষ দেখতে পাচ্ছে।’
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অতিথিরা আসন গ্রহণ করার পর ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
আলোচনা সভা শেষে ইসলামপুর উপজেলার ১১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও ৪৬০টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা তুলে দেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।