‘এখন আর কিছুই অবাক করে না’—বিসিবি সভাপতির বদলের বিষয়ে সিমন্স

১৫ এপ্রিল, ২০২৬

দুদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই দলের সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষের বিপক্ষে শিষ্যরা কিভাবে খেলবেন, লড়বেন সেই কৌশল-পরিকল্পনাই আজ সংবাদ সম্মেলন থেকে জানার কথা ছিল।

তবে সিরিজ নিয়ে নয়, বিসিবি সভাপতির পদ নিয়েই বারবার প্রশ্নের উত্তর দিতে হলো সিমন্সকে।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিন জন বিসিবি সভাপতিকে পেলেন ওয়েস্টে ইন্ডিজের কোচ। ফারুক আহমেদের অধীনে শুরুর পর সর্বশেষ পাচ্ছেন তামিম ইকবালকে। সিমন্স দায়িত্ব নেওয়ার সময় বর্তমান বিসিবি সভাপতি। দুই জনের মাঝে বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

অর্থাৎ, নিজের মেয়াদের সময় বিসিবিতে নাটকীয়তাই দেখলেন সিমন্স। বিসিবিতে এমন বাঁকবদল দেখে অবাক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের কোচ জানান, কোনো কিছুতেই আর অবাক হন না তিনি।

সিমন্স বলেন, ‘এখন আর জীবনে কিছুতেই আমি অবাক হই না। আর এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, এটা শুধু জীবনের ব্যাপার।

আমি জীবনে অনেক কিছু দেখেছি, তাই জানি প্রতিদিনই অনেক কিছু ঘটে। তাই কোনো কিছুতেই আমি অবাক হই না।’

নতুন সভাপতির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘হ্যাঁ, আমাদের স্টাফদের সঙ্গে তার কথা হয়েছে। এরপর দুই দিন আগে যখন খেলা চলছিল তখন তিনি ড্রেসিংরুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন। তাই হ্যাঁ, কয়েকবার কথা হয়েছে।