গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান

১৫ এপ্রিল, ২০২৬

গাজায় ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান সরকার। বুধবার কাবুলের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিশরে অবস্থানরত একটি আফগান প্রতিনিধি দল এই ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুত করেছে।রাফাহ সীমান্ত দিয়ে এই সহায়তা গাজায় প্রবেশ করেছে।  

প্রায় ৫ লাখ ডলার মূল্যের এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য ও পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

ত্রাণ পাঠানোর পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে নিজেদের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কাবুল জানিয়েছে, ফিলিস্তিনিদের বৈধ অধিকার এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতেই এই সংকটের সমাধান হওয়া উচিত।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২ হাজার ৩৩৬ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ২১৩ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  

গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা সরকারের মিডিয়া অফিস অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনীর গোলাগুলি ও অনুপ্রবেশের মাধ্যমে ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে চলেছে।