১৫ এপ্রিল, ২০২৬
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি যাত্রীবাহী বিমানে এক নারী সহযাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান বলে জানা গেছে।
সোমবার স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে পার্থ যাওয়ার পথে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) মারফত জানা গেছে, মাঝ আকাশে থাকাকালীন ওই ব্যক্তি তাঁর ঠিক পাশে বসে থাকা এক নারীর ওপর চড়াও হন এবং শারীরিক হেনস্থা করেন।
অপ্রত্যাশিত এই ঘটনার পর আক্রান্ত নারী যাত্রী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ কেবিন ক্রুদের বিষয়টি জানান। বিমানকর্মীরা তড়িঘড়ি ওই নারীকে নিরাপদ অন্য একটি আসনে সরিয়ে নিয়ে যান এবং বিমানের পক্ষ থেকে মাটিতে থাকা নিরাপত্তা বাহিনীকে আগাম সতর্ক বার্তা পাঠানো হয়। যাত্রাপথের বাকিটা সময় অভিযুক্ত ব্যক্তির ওপর কড়া নজরদারি চালান বিমানকর্মীরা।
বিমানটি পার্থ বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথেই সেখানে অপেক্ষারত পুলিশ কর্মকর্তারা সুধীর কুমারকে হেফাজতে নেন।
অভিযুক্তের বিরুদ্ধে সম্মতিহীন যৌন সংসর্গ এবং একাধিক শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে এএফপির অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে জানান, বিমানে সফর করার সময় প্রত্যেক যাত্রীর নিরাপদ বোধ করার পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ করে বিমানের মতো একটি আবদ্ধ জায়গায় যেখানে যাত্রীরা কাছাকাছি অবস্থানে থাকেন, সেখানে এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দর বা বিমানের ভেতরে যে কোনো ধরনের অশালীন আচরণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার জামিন শুনানির জন্য তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।