কুমিল্লায় প্রথম ধাপে ১৪৫৮ জন পাচ্ছেন ‘কৃষক কার্ড’

১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় প্রথম ধাপে এক হাজার ৪৫৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হবে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ থাকার কথা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্রসহ নানা পরিধির কৃষকদের নিয়ে তৈরি হয়েছে এ তালিকা। এর মধ্যে ভূমিহীন কৃষক ২০৫ জন, প্রান্তিক কৃষক ৬২৮ জন, ক্ষুদ্র কৃষক ৫৪৪ জন, মাঝারি কৃষক ৩৯ জন ও বড় পরিধির দুজন কৃষক রয়েছেন।

তালিকায় পুরুষ কৃষকের সংখ্যা এক হাজার ১৪৪ জন এবং নারী কৃষক ৩১৪ জন।’

এ কার্ডের মাধ্যমে তারা নগদ সহায়তাসহ নানা কৃষি সুবিধা পাবেন। বছরে দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও কৃষি উপকরণ ক্রয়ে এ কার্ডের সুবিধা পাবেন কৃষকরা। এ ছাড়া সার, বীজ, সেচ সুবিধা, কৃষিঋণ, প্রশিক্ষণ, বাজার তথ্যসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে এ কার্ডের মাধ্যমে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।