বিসিবির রদবদল নিয়ে চিন্তা করেন না মিরাজরা

১৬ এপ্রিল, ২০২৬

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনেক কিছুই হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের ৩ জন সাবেক অধিনায়ক বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন। যার সর্বশেষজন হচ্ছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিসিবিতে পালা বদল হলেও ক্রিকেটারদের ওপর তার প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে অধিনায়কের মতে, বাইরে কী হচ্ছে তা নিয়ে চিন্তাই করছেন না তারা। সব মনোযোগ মাঠেই আছে বলে মনে করছেন এই অলরাউন্ডার।

আগামীকাল ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমাদের কাজ হলো পারফর্ম করা।

আমার মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে এটা আমার কাছে মনে হয়, অনেক ভালো অনুশীলন আমরা করেছি। আর বাইরে কী হয়েছে এটা আমরা কখনো চিন্তা করিনি।’

অন্যদিকে সিরিজটা জয় দিয়ে শুরু করতে চান মিরাজ। তিনি বলেছেন, ‘দেখেন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওভাবে লক্ষ্য ঠিক করা উচিত না।

যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, তো সিরিজ হিসেবে আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে প্রথম ম্যাচটা জেতার।’