১৬ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।বৃহস্পতিবার একাধিক হামলায় কাসমিয়েহ সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, যুদ্ধবিমান থেকে পরপর দুটি হামলা চালিয়ে টাইর ও সিডন শহরকে সংযুক্ত করা কাসমিয়েহ সেতুটি লক্ষ্যবস্তু করা হয়। এতে সেতুটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এর আগে একই এলাকায় একটি ড্রোন হামলাও চালানো হয়েছিল বলে জানায় সংস্থাটি।
কাসমিয়েহ সেতুটি দক্ষিণ লেবাননের অন্যতম কৌশলগত অবকাঠামো হিসেবে বিবেচিত, যা পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো। আগেও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া এই সেতুটি পরবর্তীতে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
লেবাননের গণমাধ্যমের দাবি অনুযায়ী, মার্চ মাসে হিজবুল্লাহর সীমান্ত পার হামলার পর থেকে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ইসরায়েল বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ১৬০ জনের বেশি মানুষ নিহত, ৭ হাজারের বেশি আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।