১৬ এপ্রিল, ২০২৬
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, নাছির পিয়াদা, হৃদয় মীর, রোমান শেখ, মো. মামুন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
র্যাব জানায় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাসে ইয়াং জি জিয়াং প্রকল্পে প্রবেশ করে।
শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় সুযোগ নিয়ে তারা মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে।
এরপর তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের ভেতরে তাণ্ডব চালায়। একপর্যায়ে তারা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ঘটনার সময় তারা বিভিন্ন ব্র্যান্ডের ১০টি আইফোন ও স্মার্টফোন, তিনটি দামী ঘড়ি এবং প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়। আহত ওয়েন জিনহুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব আরও জানায় ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি বিদেশি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নতুন মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।