ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক ২

১৬ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ভাসুরের ছুরিকাঘাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা 

পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের মরহুম সমশের আলীর দুই ছেলে খলিল ও ওয়ালিউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় ওয়ালিউল্লাহর স্ত্রী সুমি আক্তার এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে ওঠে ভাসুর খলিল। অভিযোগ রয়েছে, তিনি ধারালো ছুরি দিয়ে সুমির বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সুমি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে খলিল ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।