১৭ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য অবসারপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। শুধু যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেওয়া হয়েছে, ওই বিষয়গুলো ছাড়া বাকিগুলো বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
স্পিকার বলেন, জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক দল, যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তারা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। আমি মনে করি বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় ধরনের তেমন কোন পার্থক্য দেখি না। সরকার যাতে শান্তিতে থাকতে না পারে এইজন্য সংসদের বাহিরে কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের মানুষদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে।
স্পিকার আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। অনেকদিন পর বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন দেখেছে। আশা করবো আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, এতে ভালো লোকেরা নির্বাচিত হয়ে আসে। একজন ভালো লোক উপরে থাকলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যায়।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।