বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা

১৭ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসফেরত বৃদ্ধ মাহফুজুর রহমান জামসেদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত ফেতর জামসেদ বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলানের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জামসেদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জামসেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের বিচার দাবি করেছে ভুক্তভোগী জামসেদের পরিবারের সদস্যরা।

আহত মাহফুজুর রহমান জামসেদ জানান, তিনি প্রবাস থেকে আসার পর এলাকায় অবস্থান করছেন।

প্রতিপক্ষ জাহাঙ্গীর ও নজরুলের সাথে তার ভাইয়ের সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। তবে ঘটনার পর থেকে পালাতক থাকায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, বিষয়টি আমরা শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।