১৮ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারার পর উইকেটকে কিছুটা চ্যালেঞ্জিং বললেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না সাইফ হাসান। নিজের ব্যাটিং ও দলের পারফরম্যান্স নিয়েই বেশি কথা বললেন তিনি।
শুক্রবারের ম্যাচে ২৬ রানের হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাইফ। ৫৭ রানের ইনিংস খেলা এই ওপেনার বলেন, উন্নতির জায়গা অবশ্যই আছে। উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল, তবে অজুহাত দিয়ে পার পাওয়া যায় না।
তার ভাষায়, আগে থেকেই উইকেট সম্পর্কে ধারণা ছিল। কিন্তু ম্যাচে সেটি কিছুটা অসমান আচরণ করেছে। তবুও তিনি মনে করেন, দল যদি আরও ভালোভাবে মানিয়ে নিতে পারত, তাহলে ফল ভিন্ন হতে পারত।
সাইফ বলেন, পাকিস্তান সিরিজে উইকেট ট্রু ছিল। এখানেও পুরোপুরি খারাপ ছিল না। তবে নতুন ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হয়ে উঠেছিল। সেট ব্যাটাররা তুলনামূলকভাবে সহজে খেলতে পারছিলেন।
নিজের আউট নিয়েও আক্ষেপ আছে তার। তিনি বলেন, তার উইকেটটা যদি আরও কিছুক্ষণ ধরে রাখা যেত, তাহলে ম্যাচের পরিস্থিতি সহজ হয়ে যেতে পারত।
শেষ দিকে উইকেট পতনের সময় নিয়েও কথা বলেন সাইফ। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অন্যতম কারণ। তাই সামনে এগোতে হলে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিকল্প নেই।