যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

১৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে খেলার সময় বাড়ির ছাদ থেকে নিচে পড়ে রমজান আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রমজান আলী কুমিল্লার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামের জামাত আলীর ছেলে।

তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পিতল কারখানায় কাজ করতেন।

হাসপাতালে রমজানের বোন খুশি আক্তার জানান, রাতে ছাদে খেলার সময় হঠাৎ নিচে পড়ে যায় রমজান। এ সময় নিচে থাকা একটি রড তার বাম পায়ের রানের অংশ ভেদ করে ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।