চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৪ জেলের কারাদণ্ড

১৮ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বিল্লাল শেখ, সোবহান হাওলাদার, মনু মিয়া হাওলাদার, মো. মিরাজ হোসেন, কালিয়া বেপারী, জাকির দেওয়ান, মো. দুলাল, মিন্টু খাঁ, মো. লিটন, অমৃত লাল মল্লিক, মিঠুন মল্লিক, হাবিব মাঝি, মো. আবুল বাসার ও মো. চাঁন মিয়া শেখ।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাটকা সংরক্ষণে শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার সদর উপজেলার আনন্দবাজার, রানাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাটকা ধরার অবস্থায় ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।

আটক জেলেদের মধ্যে পৃথক ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।