১৮ এপ্রিল, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন সরদার সুন্দরগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ| এর আগে শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন এবং পরে তা বেশি দামে বিক্রি করতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেই তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন। সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গিয়ে তিনি ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।