নড়াইলে হাম-রুবেলার টিকা পাবে ৭৭ হাজারের বেশি শিশু

১৯ এপ্রিল, ২০২৬

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় নড়াইল জেলার তিনটি উপজেলায় ৭৭ হাজার ৮২২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

রবিবার দুপুরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডা. ঈসমাইল হোসেন বাপ্পী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

জানানো হয়, সারা দেশের মতো নড়াইলেও আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন জানান, জেলার তিনটি উপজেলায় মোট ৯৬৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করতে।