১৯ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওড়ে জেলেদের জালে একটি অজগর সাপ ধরা পড়েছে। পরে সেটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার জেটি রোডসংলগ্ন হাইল হাওড়ে মাছ ধরার জন্য পাতানো জালে সাপটি আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে বড় একটি সাপ দেখতে পান। বিষয়টি তারা মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় জালসহ অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে সেটিকে প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হবে।