কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আতিকুর রহমান নয়ন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

জানা যায়, র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর পৌনে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে আতিকুর রহমান নয়নের (৫০) নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।