সোনারগাঁয়ে পৌনে ৩ কোটি টাকার জাটকা ও চিংড়ি রেণু জব্দ

২০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ২০০ কেজি জাটকা এবং ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বলে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর সেতুর নিচে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী থেকে খুলনাগামী সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে ২ হাজার ২০০ কেজি জাটকা এবং ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি রেণু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।